নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটের গণ্ডি টপকাতে পারবেন না সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমনটাই দাবি করলেন প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির। কী বক্তব্য তাঁর? প্রাক্তন তারকার মতে, পাকিস্তান ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচেই দলের ব্যাটিং বিভাগ ব্যর্থ। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে।
দেখতে দেখতে শেষ হওয়ার পথে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। কোন ৮টি দল সুপার এইট খেলবে, তা সম্পূর্ণভাবে জানা গিয়েছে। একটি গ্রুপে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবয়ে। আবার অপর গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও পাকিস্তান। দুটি গ্রুপই যে বেশ কঠিন ও প্রতিদ্বন্দিতামূলক, তা না বললেও চলে।
তবে প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির মনে করছেন যে টিম ইন্ডিয়া তাদের গ্রুপে প্রথম দুইয়ে থাকতে পারবেন না। যুক্তি হিসেবে তিনি বলেন, “পাকিস্তান ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচেই ভারতের ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। আর যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা খেলছে, তাতে তারা যেকোনও দলকে পরাজিত করতে পারে।” আমিরের মতো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে। আবার পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিয়েও তিনি একপ্রকার নিশ্চিত। তাছাড়া কয়েকদিন আগে আমির টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মাকে নিম্নমানের স্লোগারের তকমা দিয়েছিলেন। তারপর থেকে যদিও ব্যাট হাতে তেমন রান পাননি অভিষেক।
প্রসঙ্গত, সুপার এইটে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ তারিখে। এরপর তারা খেলতে নামবে জিম্বাবয়ের বিরুদ্ধে ২৬ তারিখে। তাদের অন্তিম ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৮ তারিখে তারা নামবে ইন্ডিজদের বিরুদ্ধে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বের মতো সুপার এইটেও অপরাজিত হয়ে শেষ করেন কিনা সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী।



By














