দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত করে নেদারল্যান্ডসকে। ৯৩ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পায় তারা। শুধু তাই নয়, এই প্রথমবার তারা ডাচদের টি-টোয়েন্টিতে পরাজিত করেছে। ব্যাটে-বলে দুভাবেই নেদারল্যান্ডসকে হাবুডুবু খাওয়ান দলের ক্রিকেটাররা। বিস্তারিতভাবে বলতে গেলে, ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট চলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই। অন্যদিকে, নেদারল্যান্ডসকে রীতিমতো নড়বড়ে দেখায় এদিনের ম্যাচে। বলা ভালো, কোনভাবেই দাগ কাটতে সফল হননি দলের ক্রিকেটাররা।
শুক্রবার ম্যাচের সেরা ঘোষণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হার্মিত সিংকে। বল হাতে তিনি তোলেন চারটি উইকেট। নিজের চার ওভারের কোটায় তিনি দেন মাত্র ২১ রান। বলা ভালো, তিনি রীতিমতো কোমর ভেঙে দেন নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ব্যাপারে সবটা জানান। কী পরিকল্পনার সঙ্গে তিনি বোলিং করেছিলেন, তাও তিনি জানান।
হার্মিত সিং বলেন, “প্রথম ইনিংসে যখন আমি প্রথমবার উইকেটটা দেখি, বলটা একটু হোল্ড করছিল। এমনকি যখন আমি ব্যাট করতে এসেছিলাম তখনও। তাই পরিকল্পনা ছিল সত্যিই বলটা স্পিন করানোর। যখন আমি পাওয়ারপ্লেতে বল করছিলাম, তখন সরাসরি কয়েকবার গ্রিপ করছিল। তাই আমি ঠিক করি সেটার উপর বিশ্বাস রাখার এবং বেশি না পরিবর্তন করার। এটা প্রায় ওয়ান-ডে প্ল্যানের মতো। ধৈর্য ধরা এবং নিজের শক্তিকে ব্যাক করা।”
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন সাইতেজা মুক্কামাল্লা। এছাড়া শুভম রাঞ্জানে অপরাজিত ছিলেন ৪৮ রানে। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান ব্যাস ডি লিড এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন লোগান ভ্যান বিক, কাইল ক্লেন ও ফ্রেড ক্লাসেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার আগে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। আমেরিকার বোলারদের মধ্যে চারটি উইকেট পান হার্মিত সিং, তিনটি শ্যাডলে ভ্যান শ্যালুইক, দুটি মহাম্মদ মহসিন এবং একটি নস্থুস কেনজিগে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্মিত সিংকে।



By














