• Home
  • খেলা
  • “অসাধারণ ইনটেন্ট দেখিয়েছি” টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে দাবি মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের

“অসাধারণ ইনটেন্ট দেখিয়েছি” টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে দাবি মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার তারা পরাজিত করল নেদারল্যান্ডস্কে। তবে এই জয় শুধুমাত্র জয় ছিল না। একেবারে বড় ব্যবধানে জয় পায় তারা। ৯৩ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে আমেরিকা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আগ্রাসী পারফরম্যান্স দেখিয়েছেন দলের ক্রিকেটাররা। অন্যদিকে, ডাচ ক্রিকেটারদের রীতিমতো দিশাহীন দেখায় এদিনের ম্যাচে। বলা ভালো, বেশ দুর্বল দেখাচ্ছিল তাঁদের।

তবে টুর্নামেন্টের প্রথম জয় পেয়ে বেশ খুশি আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই বিষয়ে সবটা জানিয়েছেন। গত দুটি ম্যাচের তুলনায় এই ম্যাচে কি আলাদা করেছেন দলের ক্রিকেটাররা, তাও তিনি তুলে ধরেন। পাশাপাশি, দলের ব্যাটিংয়ের ভুয়সী প্রশংসা করেন। কি পরিকল্পনা নিয়ে খেলছিল দল, সেটাও মার্কিন অধিনায়ক তুলে ধরেন।

মোনাঙ্ক প্যাটেল বলেন, “প্রথমত খুবই খুশি যেভাবে আজ আমরা খেলেছি, তার জন্য। টসে হেরে প্রথমে ব্যাট করা অতটা সহজ নয়। উইকেটটা একটু হোল্ড করছিল। তবে আমার মনে হয় যেই ইনটেন্ট আমরা দেখিয়েছি, তা অসাধারণ, যা গত দুটি ম্যাচে আমাদের মধ্যে ছিল না। আমরা শক্তিশালীভাবে ফিরে এসেছি ব্যাটিং গ্রুপ হিসেবে। আমাদের টপ ফোর দায়িত্ব ও ইনটেন্ট নিয়ে খেলেছে এবং ভালো স্কোরে নিয়ে গেছে। প্রথমে আমরা পিচটা বুঝতে চেয়েছিলাম। যখন আমরা বুঝতে পারি, তখন আমাদের প্ল্যান ছিল খারাপ বলগুলিতে রান করে বোলারদের চাপে ফেলা। এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার ছিল।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন সাইতেজা মুক্কামাল্লা। এছাড়া শুভম রাঞ্জানে অপরাজিত ছিলেন ৪৮ রানে। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান ব্যাস ডি লিড এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন লোগান ভ্যান বিক, কাইল ক্লেন ও ফ্রেড ক্লাসেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার আগে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। আমেরিকার বোলারদের মধ্যে চারটি উইকেট পান হার্মিত সিং, তিনটি শ্যাডলে ভ্যান শ্যালুইক, দুটি মহাম্মদ মহসিন এবং একটি নস্থুস কেনজিগে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্মিত সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top