দেবজিৎ মুখার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় টিম ইন্ডিয়ার। শনিবার আমেরিকাকে তারা পরাজিত করেছে ২৯ রানে। যদিও এই ম্যাচে তাদের পড়তে হয়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুলতে সফল হয় ভারত। যদিও বোলাররাও অসাধারণ বোলিং করেছেন। প্রথম থেকেই চাপে রেখেছিলেন আমেরিকাকে। সবমিলিয়ে, টুর্নামেন্টের শুরুটা বেশ ভালই হল ভারতের জন্য।
কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি, যার মধ্যে রয়েছে ১০টি চার এবং ৪টি ছয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের জয় থেকে শুরু করে নিজের ইনিংস সংক্রান্ত সবটাই তুলে ধরেন। শুধু তাই নয়, পিচ নিয়েও নিজের বক্তব্য রাখেন।
সূর্যকুমার যাদব বলেন, “আমার সবসময় মনে হচ্ছিল যে একজন ব্যাটারের শেষ পর্যন্ত থাকা দরকার। আমার কখনোই মনে হয়নি যে এটা ১৮০ থেকে ১৯০ রান করার মতো উইকেট। মনে হয়েছিল ১৪০ রান করার মতো উইকেট। তবে তখন গৌতি ভাই আমায় একই কথা বললেন ব্রেকে। উনি আমাকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার কথা বললেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক ক্রিকেট খেলেছি বম্বেতে, এই উইকেট এবং মুম্বাই ক্রিকেটের ময়দানগুলিতে। তাই আমি জানতাম কিভাবে এই ধরনের উইকেটে ব্যাট করতে হয়।” পিচের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আপনাকে বুঝতে হবে যে একজন ব্যাটারকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে। আমি শুধু কাউন্ট করছিলাম যে কে তখন বল করতে পারে ও দেখছিলাম যে কতগুলো বল বাকি রয়েছে এবং আমি ভালো শট ও নিজের শট খেলার চেষ্টা করছিলাম।”
প্রসঙ্গত, এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে করে ১৬১ রান। সর্বোচ্চ ৮৪ রান করেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া কেউ কেমন দাগ কাটতে সফল হননি। আমেরিকার বোলারদের মধ্যে শাকুইক পান চারটি, হার্মিত দুটি এবং আলি ও মহসিন একটি করে উইকেট। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে আমেরিকা ৮ উইকেট হারিয়ে করে ১৩২ রান। তবে দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মহাম্মদ সিরাজ। এছাড়া দুটি করে উইকেট পান আর্শদিপ সিং ও অক্ষর প্যাটেল। বরুন চক্রবর্তী পান একটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে।



By














