• Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে একাধিক তারকাকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে একাধিক তারকাকে

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপ ঘিরে যে বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার একেবারে আকাশ ছুঁয়েছে, তা না বললেও বোঝা যায়। সকলেই এখন অপেক্ষা করছেন তাঁদের প্রিয় তারকাকে ২২ গজে পারফর্ম করতে দেখার জন্য। এবারেরও যে ফেভারিট টিম ইন্ডিয়া, তা বলাই বাহুল্য। দেশের মাটিতে সূর্যকুমার যাদবরা ট্রফি তুলবেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। 

তবে প্রথম দিন, অর্থাৎ ৭ তারিখে, রয়েছে দুটি ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে একে অপরের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু যেহেতু তাদের বাদ দেওয়া হয়েছে, তাই সেই জায়গাটি পেয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে, বাণিজ্য শহর মুম্বাইতে টিম ইন্ডিয়া খেলতে নামবে আমেরিকার বিরুদ্ধে। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা ভালোই পারফর্ম করেছিল। সেই কারণে ভারত তাদের একেবারেই যে হালকা করে নেবে না, তা বেশ স্পষ্ট। 

কিন্তু প্রথম দিনই রয়েছে বিশেষ চমক। মুম্বাইয়ে ভারত বনাম আমেরিকা ম্যাচ শুরুর আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করতে দেখা যাবে একাধিক নামি তারকাকে। মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে বলিউডের বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। তবে তিনি একা নন, থাকবেন জনপ্রিয় গায়ক বাদশা, যন্ত্রবাদক শিবমণি, সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা। তাঁদের গোটা দলও থাকবেন তাঁদের সঙ্গে। পাশাপাশি, দেখা যাবে মার্গ ও পপ সংগীত। 

এছাড়া সেদিন ওয়াংখেড়েতে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ফিল দ্যা থ্রিল’ খোলা হবে। গানটির রচনা করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তিনি নিজেই গানটি গাইবেন। এছাড়া আরো অনেককিছুর ব্যবস্থা করা হয়েছে যাতে উদ্বোধনী অনুষ্ঠান বেশ জমকালো ও আকর্ষণীয় হয়। এবার দেখার বিষয় যে সেদিন উদ্বোধনী অনুষ্ঠান কেমন উপভোগ করেন দর্শক থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। বলে রাখা ভালো, শনিবার প্রথম ম্যাচটি খেলা হবে শ্রীলঙ্কায়। সেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top