• Home
  • খেলা
  • “১২ তারিখের পর অবস্থান বদলাবে” পাকিস্তানের বয়কট ড্রামা নিয়ে বড় মন্তব্য চেতনের

“১২ তারিখের পর অবস্থান বদলাবে” পাকিস্তানের বয়কট ড্রামা নিয়ে বড় মন্তব্য চেতনের

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে পৌঁছেছে ক্রিকেট মহলে। এরই মাঝে গোটা ঘটনাটি নিয়ে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা পেসার চেতন শর্মা। কী বক্তব্য তাঁর? ‘সালাম ক্রিকেট ২০২৬’এ তিনি দাবি করেন যে চলতি মাসের ১২ তারিখের পর নিজেদের অবস্থান বদলাবে পাকিস্তান।

নিরাপত্তার অভাব দেখিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। পরিস্থিতি এই পর্যায়ে গড়ায় যে শেষ পর্যন্ত তাদের বাদ দেয় আইসিসি। এরপর পাকিস্তানের তরফ থেকে হুমকি দেওয়া শুরু হয় বিশ্বকাপ বয়কটের। যদিও শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয়। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এক বিবৃতি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান।

এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা পেসার চেতন শর্মা। তিনি দাবি করলেন যে ১২ ফেব্রুয়ারির পর নিজেদের বক্তব্য বদলাবে পাকিস্তান। রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে ১২ তারিখে বাংলাদেশে নির্বাচন রয়েছে এবং তারপরই পাল্টি খাবে পাকিস্তান। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে পাক ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থানের জন্য ভুগছেন সেই দেশের ক্রিকেটাররা।

চেতন শর্মা বলেন, “১২ তারিখে ভোট রয়েছে বাংলাদেশে। তারপর আপনি দেখবেন পাল্টি খেতে। একটা স্টেটমেন্ট আসবে যেখানে বলা হবে, ‘পাবলিক সেন্টিমেন্টের কথা মাথায় রেখে ক্রিকেটের ভোগা উচিত নয়, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান’। এই অবস্থান এখনো শুধু বাংলাদেশ নির্বাচন নিয়েই। আমি রাজনীতি করেছি। ভোটে দাঁড়িয়েছি। ভোটের পর, হয়তো সামরিক প্রধানও বলবেন যে রাজনীতিকে খেলা থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া উচিত।” 

এরপরই পাকিস্তানের ক্রিকেটারদের ভোগান্তি নিয়ে তিনি নিজের বক্তব্য রাখেন। চেতন শর্মা বলেন, “এই পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি আইসিসিকে। অফিসিয়াল কনফার্মেশন ছাড়া স্টেটমেন্ট কিচ্ছু নয়। যেকেউ অবসর ঘোষণা করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি অফিশিয়ালি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিছু পাল্টায় না। এখানে কে ভুগছে আসলে? ক্রিকেট ও ক্রিকেটাররা।” এবার দেখার বিষয়টি চেতন শর্মা যা দাবি করেছেন, তা সত্যি হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top