• Home
  • খেলা
  • “বড় শিক্ষা” ফাইফার প্রসঙ্গে কি বললেন আর্শদ্বীপ?

“বড় শিক্ষা” ফাইফার প্রসঙ্গে কি বললেন আর্শদ্বীপ?

Image

দেবজিৎ মুখার্জি: ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আগ্রাসী ইনিংস আসা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের অন্তিম ম্যাচে দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা পেসার আর্শদ্বীপ সিং। বল হাতে তিনি তুলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ফাইফার। মোট চার ওভার বল করে তিনি দিয়েছেন ৫১ রান এবং ঝুলিতে তুলেছেন পাঁচটি উইকেট।

ম্যাচ শেষে দেশের প্রাক্তন ক্রিকেটার দ্বীপ দাশগুপ্তকে নিজের বোলিং সম্পর্কে জানান আর্শদ্বীপ। বর্তমানে তিনি কেমন বোলিং করছেন এবং তার উন্নতির জন্য কি করছেন, তা তুলে ধরেন তরুণ তারকা পেসার। এখানেই শেষ নয়, কি শিখছেন, সেগুলি নিয়েও বক্তব্য তুলে ধরেন আর্শদ্বীপ। এছাড়া কোচের তরফ থেকেও কি পরামর্শ দেওয়া হয়েছে, সেটাও জানান তরুণ তারকা পেসার।

আর্শদ্বীপ সিং বলেন, “সম্প্রতি বল হাতে আমি একটু রান দিচ্ছি, তাই আমি মর্ণের সঙ্গে সেটা নিয়ে কাজ করছি এবং দলের জন্য নিজের সেরাটা দিচ্ছি।” তরুণ তারকা জানান যে তাঁর বর্তমান পারফরমেন্স তাঁকে শিখিয়েছে যে আগে যা হয়েছে, তা ভুলে বর্তমানের উপর নজর দেওয়া উচিত। আর্শদ্বীপ বলেন, “এটা আমার জন্য একটা বড় শিক্ষা যে অতীতে যা হয়েছে বা প্রথম স্পেলে যা ঘটেছে, তা মনে না রাখা। কোচিং স্টাফের তরফ থেকে আমার এই বার্তা দেওয়া হয়েছে। আমি শুধু বর্তমানে থাকতে চেয়েছিলাম এবং সামনে যা রয়েছে তা করতে চেয়েছিলাম।”

প্রসঙ্গত, শনিবার প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২৭১। সর্বোচ্চ ১০৩ রান করেন ঈশান কিষান। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৬৩। হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৪২ ও ৩০ রানের মারকুটে ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে ২২৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিজের ঝুলিতে তোলেন দলের তরুণ তারকা পেসার আর্শদ্বীপ সিং। ম্যাচ ও সিরিজের সেরা ঘোষণা করা হয় ঈশান কিশান ও সূর্যকুমার যাদবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top