• Home
  • জেলার খবর
  • “আপনার রাজনৈতিক দিন শেষ” মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

“আপনার রাজনৈতিক দিন শেষ” মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আপনার রাজনৈতিক দিন শেষ” সোমবার ক্যামাক স্ট্রিটে বিজেপির ধন্যবাদ জ্ঞাপন সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে তাঁকে রাজ্যবাসী দরজা দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি, কটাক্ষ করেন রাজ্যের অন্যতম প্রাক্তন মন্ত্রী, তথা ঘাসফুল শিবিরের অন্যতম প্রভাবশালী বিধায়ক, ফিরহাদ হাকিমকেও। 

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যে নিজের বুথেই পারেন না জিততে, তাঁকে বাংলার মানুষ দরজা দেখিয়ে দিয়েছে। শেষ আপনার রাজনৈতিক দিন। টাটা, বাই বাই, খতম, পুরা খতম করে দিয়েছে।” ববি হাকিমকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, “আমাকে ১৫ হাজার ভোটের লিড দিয়েছে চেতলায় বসবাসকারী বাঙালি হিন্দুরা।”

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। 

তবে এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই স্পর্শকাতর আসন থেকেই জয় পাওয়া। বিশেষ করে ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এছাড়াও বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের সিংহভাগ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী এবং এর সঙ্গে শুরু হয় বঙ্গ রাজনীতির এক নয়া অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top