দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের পাল্টানো হবে প্রদেশ কংগ্রেস সভাপতি? আবারও কি সেই দায়িত্ব পেতে চলেছেন দলের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী? মঙ্গলবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের বৈঠকের পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। বলা ভালো, বিষয়টি নিয়ে আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। কী হতে চলেছে এবার, এখন সেদিকেই সকলের নজর রয়েছে।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দীপা দাশমুন্সী, বর্ষীয়ান প্রদীপ ভট্টাচার্য সহ আরও অনেকে। বিধান ভবনের বৈঠকে ছিলেন দলের দুই বিধায়ক মোতাব শেখ ও জুলফিকার আলি। বৈঠক শেষ হয়ে যাওয়ার পর দুই বিধায়ক আলাদা করে কথা বলেছিলেন কেসি বেণুগোপালের সঙ্গে এবং দুজনেই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের কথা। দাবি জানানো হয়, শুভঙ্কর সরকারকে সেই পদ থেকে সরিয়ে অধীর রঞ্জন চৌধুরিকে পুনরায় প্রদেশ কংগ্রেসের সভাপতি করার। যদিও বিষয়টি নিয়ে মুচকি হেসেছেন বেণুগোপাল।
স্বাভাবিকভাবেই বেণুগোপালের এই মুচকি হাসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার ফের অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হবে কিনা। শুধু তাই নয়, তেমনটা হলে হাত শিবিরের অন্দরে কোনও ফাটল ধরবে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনের কথা মাথায় রেখে কী সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেসের তরফ থেকে। প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে শূন্যের গন্ডি পেরোতে সফল হয়েছে কংগ্রেস। দুটি আসন নিজেদের দখলে করেছে তারা।



By










