দেবজিৎ মুখার্জি, কলকাতা: নীতীশ কুমারের বিহারে এসআইআরের সময়ে যে নথিগুলি গ্রহণ করা হয়েছিল, তা বাংলায় হচ্ছে না। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? বিহারের ক্ষেত্রে ফ্যামিলি রেজিস্টার মানা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নয় কেন, এই প্রশ্ন তুললেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “এসআইআরের সময়ে বিহারে যে নথি গ্রহণ করা হয়েছে, তা কেন হচ্ছে না বাংলার ক্ষেত্রে? বিহারে ফ্যামিলি রেজিস্টার মানা হয়েছে। তাহলে বাংলায় কেন নয়?” তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, কমিশন নিয়ম না মেনে কাজ করছে ও নির্দেশ দিচ্ছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন যে একই ঘটনা ঘটেছে মহারাষ্ট্র, হরিয়ানায় এবং কিছু চাপা থাকে না সেগুলি। পাশাপাশি, তাদের ‘তুঘলকি কমিশন’ তকমা দিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন।”
রাজ্যে ৫৮ লক্ষ নাম খসড়া তালিকায় বাদ যাওয়া নিয়েও ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি, একাধিক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়া ব্যবহারের জন্য। ফের তিনি প্রশ্ন তোলেন যে সেই নামগুলি কোথায়? আবারো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “আঘাত করলে প্রত্যাঘাত হবে। কাজ হবে না দিল্লির জমিদারদের কথা।”
প্রসঙ্গত, বাংলায় এসআইআর চালু হওয়ার পর থেকেই বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছিলেন। একাধিকবার তিনি অভিযোগ তুলেছেন যে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ও কমিশন বিজেপির ইশারায় কাজ করছে। সম্প্রতি, শীর্ষ আদালতের তরফ থেকে বাড়ানো হয় এসআইআর কাজের টাইমলিমিট। চলতি মাসের শেষ দিনে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আগামী দিনগুলিতে নতুন কিছু দেখা যায় কিনা, সেটাই এখন দেখার।



By










