• Home
  • জেলার খবর
  • “কেন তাঁর বাড়ি গিয়ে লুচি-আলুর দম খেয়েছিলেন?” সৌরভকে কুমন্তব্য প্রসঙ্গে প্রতিবাদ অভিষেকের

“কেন তাঁর বাড়ি গিয়ে লুচি-আলুর দম খেয়েছিলেন?” সৌরভকে কুমন্তব্য প্রসঙ্গে প্রতিবাদ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কদিন আগে এক অনুষ্ঠান থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। গেরুয়া শিবিরের কাউন্সিলর মহারাজকে ‘দালাল’ তকমা দেন। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্না মঞ্চ থেকে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, লুচি-আলুর দম খাওয়ার প্রসঙ্গ তোলেন।

এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “যদি সৌরভ গঙ্গোপাধ্যায় দালাল হন, তাহলে কেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের, অমিত শাহ বগলদাবা করে বেহালায় তাঁর বাড়ি গিয়ে লুচি-আলুর দম খেয়ে এসেছিলেন?” ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, “সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালি। তাই মাথানত করেননি উনি।”

প্রসঙ্গত, সম্প্রতি, প্রকাশিত হয়েছে এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকা। তাতে দেখা গিয়েছে যে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। এখানেই শেষ নয়, আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। বিষয়টি জনসম্মুখে আসতেই তীব্র কটাক্ষ করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে শুক্রবার, ৬ মার্চ, প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতারা ধর্মতলায় ধরনায় বসবেন।

ঘোষণা অনুযায়ী এদিন ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের একাধিক প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও। মঞ্চ থেকে তিনি গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। এরপর একেক করে অনেকে বক্তব্য রাখেন। নিজের বক্তব্য মঞ্চ থেকে তুলে ধরেন ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে এসআইআরের বিরোধিতা করার পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষের, সৌরভ গঙ্গোপাধ্যায়কে করা আক্রমণেরও প্রতিবাদ জানান তিনি। এবার দেখার বিষয় যে এই ঘটনার জল কতদূর গড়ায়। কী হয় আগামীদিনে, সেদিকেই নজর রয়েছে বাংলার সকল নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top