• Home
  • জেলার খবর
  • কবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক? জানালেন কুনাল

কবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক? জানালেন কুনাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের নানা প্রান্তে জোরদার প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বিজেপি ও কমিশনকে আক্রমণ করে চলেছেন, তেমনি একইভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের বিভিন্ন জেলায় প্রার্থীদের সমর্থনে জনসভা করছেন। বিরোধীদের নিশানা করার পাশাপাশি বইয়ে যাচ্ছেন প্রতিশ্রুতির বন্যা।

এই আবহে টিভি ৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি তিনি কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, তা তুলে ধরেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক, তথা দলের বেলেঘাটার প্রার্থী, কুনাল ঘোষ। কী বক্তব্য তাঁর? ডায়মন্ড হারবার সাংসদের প্রশংসা করে তিনি বলেন, “গত কয়েক বছরে নিজেকে অসাধারনভাবে গ্রুমিং করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির পরিকাঠামো ইমোশনের সঙ্গে মডার্ন ম্যানেজমেন্ট মিশিয়ে তৈরি করছে। ইতিমধ্যেই ৪-৫টা জেনারেশন কাজ করছে মমতা-অভিষেক যুগলবন্দিতে। সেটা করছে খুব সুন্দরভাবে।”

তাঁর কথায়, একটা দল ১৫ বছর ধরে ক্ষমতায়। একটা দল চলছে ৯৮ সাল থেকে। ২৮-২৯ বছর দলটার বয়স। তারপরও একটা সুশৃংখল ক্যাডার বেসড চেহারা গোটা রাজ্যে। কুনাল ঘোষের বক্তব্য, “সবটাই মমতাদির, কৃতিত্ব অনেক অভিষেকের। আস্তে আস্তে কিন্তু ধরছে অভিষেক। অনেকটাই তৈরি অভিষেক, সময় গেলে আরেকটু হবে। দেওয়ালে এখন লিখে রেখে দাও, ম্যাক্সিমাম ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” 

জেলমুক্তির পর কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে সাহায্য করেছেন, তাও তুলে ধরেন কুনাল ঘোষ। তিনি বলেন, “অনেক সাহায্য করেছে দলগতভাবে, ব্যক্তিগতভাবে। আমাকে সাহায্য করেছে আত্মবিশ্বাসী হয়ে উঠতে।” তাঁর সংযোজন, “আমার থেকে বয়সে অনেক ছোট অভিষেক, কিন্তু অনেক বড় মাপের নেতা। নিজেকে এত ভালো গ্রুম করেছে। আরও কাছ থেকে দেখেছি আমি ফিরে আসার পর।” 

জেল থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ও তার পরবর্তী পরিস্থিতিতেও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছেন, তাও জানান কুনাল ঘোষ। তিনি বলেন, “অভিষেকের সাহায্যে আত্মবিশ্বাসী হয়ে উঠলাম ধীরে ধীরে। আমাকে দল ২০২০ সালে মুখপাত্র করল, আছি এখনো। ২১ সালের পর সাধারণ সম্পাদক, রয়েছি এখনো। এবার সম্মান দেওয়া হলো প্রার্থী করার।” প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে কুনাল ঘোষ পরিচিত এবং তাঁকে ধরা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ হিসেবে। তাঁকে একাধিকবার সমর্থন করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। বিশেষ করে দলের অন্দরে তাঁকে বহুবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতির দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top