দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আসন্ন ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়া সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে। কী বললেন তিনি? বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ‘মেন ইন ব্লু’। তার আগে মঙ্গলবার বৈঠকে তিনি এই বিষয়ে বক্তব্য রাখেন। তিনি জানান যে এই ম্যাচ খেলতে নামার আগে তাঁরা সতর্ক। পাশাপাশি, এটাও জানেন যে নিজেদের সেরাটা দিতে তাঁরা প্রস্তুত।
হাজার বিতর্কের পর অবশেষে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বলে জানিয়েছে পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা যে একেবারে অন্য মাত্রার থাকবে, তা না বললেও চলে। বিস্তারিতভাবে বলতে গেলে, দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই এখন অপেক্ষা করছেন ১৫ তারিখের জন্য। বয়কট নাটকের পর অবশেষে ম্যাচ খেলতে নামা পাকিস্তানের, এই বিষয়টির জন্য ম্যাচের গুরুত্ব যে অন্য পর্যায়ে থাকবে, তা বলাই বাহুল্য।
এই ম্যাচ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বক্তব্য জানালেন ভারতীয় ক্রিকেট দলের সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে। তিনি বলেন, “বেশ চ্যালেঞ্জের কলম্বো গিয়ে খেলাটা। সেখানে কয়েক সপ্তাহ আছে পাকিস্তান। ওরা ভালো করে জানে ওখানকার পরিবেশ কেমন। তাই সতর্ক আমরা।” এর সঙ্গে তিনি এটাও জানান যে দলের ক্রিকেটাররা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।
প্রসঙ্গত, আইসিসির বড় টুর্নামেন্টগুলিতে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে অধিকাংশ ক্ষেত্রেই জয় নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পরাজিত করে ভারতকে। ১০ উইকেটে ম্যাচটি জিতেছিল তারা। যদিও তারপর থেকে আইসিসির টুর্নামেন্টগুলিতে আর ভারতকে হারাতে পারেনি তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও দুবার পাকিস্তান হারিয়েছে ভারতকে।শেষবার দুই দলের মুখোমুখি হয়েছে এশিয়া কাপে এবং সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। ফাইনালে তাদের ভারত হারিয়েছিল ৫ উইকেটে। দলকে ফিনিশ লাইন পার করিয়েছিলেন তিলক বর্মা ও রিঙ্কু সিং। এবার দেখার যে ১৫ তারিখের ম্যাচে কি হয়।



By














