দেবজিৎ মুখার্জি: গ্রেপ্তারি থেকে নিজেকে বাঁচাতে এবার ত্রিপুরা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে হবে না ডায়মন্ড হারবার সাংসদকে। ওইদিনই হবে মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ, সাময়িক স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসের শুরুর দিকে ত্রিপুরায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময়ে তৃণমূলের যুবনেতৃত্বকে রাস্তায় আটকানো হয় এবং হামলা চালানো হয় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের উপর বলে অভিযোগ। তাতে জখম হন সুদীপ, জয়া। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। একপ্রকার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা ত্রিপুরা। এরপর গ্রেফতার করা হয় তাঁদের।
প্রতিবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষরা খোয়াই থানায় এবং দাবি তোলেন ধৃতদের মুক্তির। তবে যেহেতু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল, তাই ধৃত নেতাদের কোর্টে তোলা হয়। তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় বসেছিলেন এবং সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখছিলেন। জামিন পাওয়ার পর দলের নেতারা ক্ষোভ উগড়ে দেন ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে। একইভাবে ত্রিপুরা সরকারকে তীব্র আক্রমণ করেন জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যও। হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের রোখা যাবে না এভাবে।
সেদিন ত্রিপুরা পুলিশ থানায় তৃণমূলের অবস্থানের কারণেই মামলা রুজু করে এবং তাতে খোয়াই আদালত সমন পাঠাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গ্রেপ্তারি থেকে বাঁচতে তিনি দ্বারস্থ হন ত্রিপুরা হাই কোর্টের এবং সেখানে নির্দেশ দেওয়া হয় যে আগামী ২১ আগস্ট পর্যন্ত হাজিরা দিতে হবে না তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। এবার দেখার বিষয় আগে কি হয়। চাপের উপর আরো চাপ বাড়ে কিনা ডায়মন্ড হারবার সাংসদের, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।



By










