• Home
  • জেলার খবর
  • “৪ তারিখ দেখবো” মিতালি বাগের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

“৪ তারিখ দেখবো” মিতালি বাগের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: সোমবার রাজ্যে অন্তিম ভোট প্রচার। তবে এদিন ঘটল এক মারাত্মক ঘটনা। গোঘাটে হামলার জেরে আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সূত্র মারফত খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালান। 

গাড়িতে ভাঙচুর চালানোতে ছিটকে আসে কাচের টুকরো, যার কিছু অংশ লাগে সাংসদের শরীরেও বলে দাবি করা হয়েছে। পরে শীঘ্র হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় লাইভে প্রায় কাঁদো কাঁদো গলায় নিজের অবস্থান তুলে ধরেন। আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়ে আহত সাংসদের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপর আরামবাগের সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন ঘাসফুল শিবিরের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা আজ আক্রমণ করেছে মিতালীর উপর, সবার উপর আমার নজর রয়েছে। প্রাথমিকভাবে সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল, দোলন এই চারজন নাকি যুক্ত। আরো যারা যুক্ত, খুঁজে খুঁজে বার করবো সিসিটিভি ফুটেজ দেখে। ৪ তারিখ ১২টার পর কোন জল্লাদের কতো ক্ষমতা, কোন দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, ৪ তারিখ দেখবো।”

তিনি আরো বলেন, “সিপিএমের হার্মাদগুলি জার্সি বদলে পদ্মের আশ্রয় দিয়েছে কাস্তে-হাতুড়ি-তারা ছেড়ে। বিজেপির জল্লাদ হয়েছে সিপিএমের হার্মাদ। যারা হাত দিয়েছে তপশিলি মহিলার গায়ে, চার তারিখ হারুক বা জিতুক আরামবাগ, হিসেব নেব সব খুঁজে বের করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top