দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: এমনিতেই গোটা পশ্চিমবঙ্গ রণক্ষেত্রের চেহারা নিতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। তার মাঝেই ফের উত্তপ্ত আইএসএফ গড় ভাঙড়। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। যদিও অল্পের জন্য রক্ষা পেয়ে যান তিনি। তবে ঝলসে তাঁর বাঁ-হাতের অনেকটা জায়গা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে আইএসএফের দিকে। যদিও তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পাগলাহাট এলাকায়। কাজ করে ফিরছিলেন তৃণমূল কর্মী কামাল পূরকেইত। তখন কয়েকজন দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে। প্রাণে রক্ষা পেলেও কামালের বাঁ-হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে স্থানীয় মানুষদের তরফ থেকে। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। তল্লাশিও চালানো হচ্ছে।
গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই ঘটনায় আইএসএফের হাত রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নওশাদ সিদ্দিকীর দল। তারা পাল্টা ঘাসফুল শিবিরকে এই ঘটনার জন্য দায়ী করেছে। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই জড়িত এবং এলাকা অশান্ত করতে তা ঘটানো হয়েছে। বলে রাখা ভালো, গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভাঙড়। একাধিকবার সংঘর্ষে ভিড়েছেন তৃণমূল ও আইএসএফ কর্মীরা।
প্রসঙ্গত, শুধু গত কয়েকদিন ধরে নয়, এর আগে বহুবার অশান্তির চিত্র উঠে এসেছে ভাঙড় থেকে। বেশ কয়েকবার অশান্তিতে জড়িয়েছে তৃণমূল ও আইএসএফ। দুজনেই একে অপরের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে চলেছে। বিধানসভার নির্বাচন যত কাছে আসছে, ততই যে সেখানকার পরিস্থিতি পাল্টাচ্ছে, তা না বললেও চলে। এবার দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে সেখানে ফের আইএসএফ যেতে নাকি এবার তা যাবে তৃণমূল কংগ্রেসের দখলে।



By










