Jalpaiguri: তন্বী সাহার সাফল্যে গর্বিত উত্তরবঙ্গ

North Bengal proud of Tanvi Saha's success

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দেবীনগর পাড়ার বাসিন্দা তন্বী সাহার সাফল্যে গর্বিত উত্তরবঙ্গ। সাধারণ পরিবারের প্রতিকূলতা পেরিয়ে সুদূর কানাডার University of Quebec at Montreal-এ পিএইচডি গবেষণার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৩ আগস্ট কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
তন্বীর বাবা দেবু সাহা পেশায় ছোট মালবাহী গাড়ির চালক এবং মা কানন সাহা গৃহবধূ। আর্থিক সমস্যার কারণে ছোটবেলায় পড়াশোনার জন্য আলাদা টেবিল-চেয়ারও ছিল না তাঁর। মেঝেতে বসে কিংবা খাটের ওপর বই-খাতা ছড়িয়ে রাত জেগে পড়াশোনা করেই নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গিয়েছেন তন্বী।
ধূপগুড়ির মাউন্ট কার্মেল বিদ্যালয় থেকে তিনি ৯১.৪ শতাংশ নম্বর অর্জন করেন। পরবর্তীতে সেন্ট অ্যান্থনি স্কুল থেকে ৯৭.৬ শতাংশ নম্বর পান। এরপর কলকাতার Indian Institute of Science Education and Research (IISER) Kolkata থেকে আর্থ সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
কানাডার বিশ্ববিদ্যালয়ে তাঁর গবেষণার বিষয় পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠা মাইক্রোপ্লাস্টিক। বায়ুমণ্ডলে মাইক্রোপ্লাস্টিক কীভাবে ছড়িয়ে পড়ে এবং বৃষ্টি, মাটি ও জলের মাধ্যমে পরিবেশে তার কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে আগামী কয়েক বছর গবেষণা করবেন তিনি।
তন্বীর লক্ষ্য শুধু বিদেশে গবেষণা করে থেমে থাকা নয়। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে পরিবেশ দূষণ মোকাবিলায় কাজ করতে চান তিনি। তাঁর এই সাফল্য ময়নাগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে নিঃসন্দেহে এক অনুপ্রেরণার বার্তা।

Scroll to Top