দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগে ফের অশান্তি ভাঙরে। নওশাদ সিদ্দিকীর প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি ও মারধরের অভিযোগে এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। এরই মধ্যে রাস্তায় নেমে বিক্ষোভে দেখান নওশাদ।
মঙ্গলবার সকালে নওশাদ সিদ্দিকী ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ এলাকায় প্রচারে নামেন। বিকেলে রাজাপুর বুথে কর্মসূচির আগে হঠাৎই সংঘর্ষ বাদে আইএসএফ ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। আইএসএফের অভিযোগ, তাদের প্রচার পণ্ড করতে বোমাবাজি চালানো, দলীয় পতাকা ছিড়ে ফেলা ও কর্মীদের উপর হামলা চালানো হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে।
আহত কর্মীদের দেখে ক্ষুব্ধ নওশাদ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে তিনি রাস্তা অবরোধ করে বসে পড়েন বাসন্তী রাজ্য সড়কের নলমুড়ি এলাকায়। সেই বিক্ষোভে যোগ দেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামও। যান চলাচল ব্যাহত হয় লম্বা সময় ধরে অবরোধ চলার জেরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ভাঙড় থানার পুলিশ ছাড়াও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
নওশাদ সিদ্দিকীর সাফ কথা, অবরোধ তোলা হবে না নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস না পাওয়া অবধি। অবশেষে পুলিশের তরফ থেকে রাত বারোটার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা দেওয়া হলে তুলে নেওয়া হয় অবরোধ এবং তিনি আবারও প্রচারে যোগ দেন।



By










