দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ইন্ডিয়া জোটের আরো এক শরিক। তিনি মহারাষ্ট্রের শিব সেনা উদ্ধব শিবিরের সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তাঁর পরিষ্কার কথা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বাঘিনীর মতো এবং জেতা তাঁরই উচিত।
মহারাষ্ট্রের এক সভায় তিনি বলেছেন, “একাই বিজেপির বিরুদ্ধে বাংলার বাঘিনী লড়ছেন। তিনিই জিতবেন।” সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বাংলায় এসে প্রচারকে কটাক্ষ করে তিনি বলেন, “এখানে করুণ দশা আইনশৃঙ্খলার। প্রকাশ্যে মাদক পাওয়া যাচ্ছে এখানে। র্যাকেট চালাচ্ছেন স্বঘোষিত ধর্মগুরুরা। আর মুখ্যমন্ত্রী প্রচার করতে যাচ্ছেন বাংলায়।” বাংলায় ভোটের জন্য কমিশনের তরফ থেকে যে কড়াকড়ি করা হয়েছে, তা কটাক্ষ করে উদ্ধব বলেন, “২০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় জেতার চেষ্টা করছে। এরপর জিতে গেলে বিজেপি কৃতিত্ব দাবি করবে। ৫০০০০ বাহিনীও ছিল না মণিপুরে জাতিদাঙ্গা ঠেকানোর জন্য।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস বাদ দিয়ে ইন্ডিয়া জোটের সকল শরিক তৃণমূল কংগ্রেসের পাশে। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সকলেই আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন বাংলায় প্রচারেও এসেছেন সরাসরি। এবার পাশে দাঁড়ালেন উদ্ধব ঠাকরে।



By










