• Home
  • জেলার খবর
  • ‘মোটা ভাই, জবাব চাই’ নামে পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের

‘মোটা ভাই, জবাব চাই’ নামে পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করার কয়েক ঘণ্টার মধ্যেই  ‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার পাল্টা চার্জশিট প্রকাশ করে ঘাসফুল শিবির তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে।

এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ। তাঁদের সাফ কথা, অমিত শাহের আনা একাধিক অভিযোগের জবাব ওই চার্জশিটে বিস্তারিতভাবে দেওয়া আছে। বিজেপিকে আক্রমণ করে ব্রাত্য বসুর বক্তব্য, “বিজেপির চক্রান্ত এসআইআর। পেরেক ঠুকতে চাইছেন তৃণমূলের কফিনে, সেই পেরেক উপড়ে নেব আমরা। অমিত শাহ যে যা দিয়েছেন চার্জশিটে, আমরা তার উত্তর রেডি করেছি।”

নারী সুরক্ষা নিয়ে কেন্দ্রকে পাল্টা আক্রমণ করে ব্রাত্য বলেন, “নারীসুরক্ষার হাল কী আপনাদের রাজ্যগুলোতে? মহারাষ্ট্র, রাজস্থান। কিছু বলেন না কেন মণিপুর নিয়ে? কী ঘটেছে উন্নাও, হাথরসে? আপনারা আনেন ধর্ষকদের মালা পড়িয়ে। আপনারা ছাড় দেন ব্রিজভূষণদের মতো লোককে। নারী সুরক্ষার কথা মানায় না আপনাদের মুখে।”

অনুপ্রবেশকারী ইস্যু প্রসঙ্গে শাহকে ব্রাত্যের পাল্টা, “ভয়ে আছি আমরা। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, সংসদে জঙ্গি হামলা, পহেলগাঁও কবে আবার হবে। কারা ধরা পড়েছে এসব ঘটনায়, কেন প্রকাশ্যে আনছেন না তাদের নাম? অনুপ্রবেশকারী শুধু বাংলার বেলায়। বলছেন পাল্টে যাচ্ছে নাকি ডেমোগ্রাফি। কী করলে ঠিক হবে ডেমোগ্রাফি? গুজরাত করতে হবে কি বাংলাকে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top