• Home
  • দেশ
  • অসমে ১৭ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

অসমে ১৭ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গের আগে প্রতিবেশী রাজ্য অসমে রয়েছে বিধানসভা নির্বাচন। এপ্রিল মাসের ৯ তারিখে ১২৬ কেন্দ্রে হবে ভোট। তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হলো ১৭ আসনের প্রার্থী। তাদের নজর সংখ্যালঘু ও বাঙালি ভোটারদের দিকে। 

অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, দলের তরফ থেকে ৫১টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রভাবশালী তৃণমূল নেতা দুলু আহমেদ বলেন, “বিজেপি আমাদের প্রধান শত্রু। আমাদের তরফ থেকে এমন আসনে প্রার্থী দেওয়া হবে না যেখানে শক্তিশালী প্রার্থী রয়েছে কংগ্রেস জোটের বা সম্ভাবনা রয়েছে জয় পাওয়ার। আমরা এটাই নিশ্চিত করতে চাই যে বিজেপির যাতে কোনভাবেই সুবিধা না হয়।”

তৃণমূলের প্রথম দফার প্রার্থী তালিকায় কোকড়াঝাড়ের বাওখুঁগ্রী থেকে দাঁড়াচ্ছেন উদাংশ্রী নার্জারি, ধুবড়ির বিলাসীপাড়া থেকে প্রার্থী হয়ে লড়বেন মোমিনুর ইসলাম, গোয়ালপাড়ার জলেস্বর থেকে প্রার্থী করা হয়েছে আরিফ আকবর আহমেদকে। এছাড়া দল প্রার্থী করেছে কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম, দুলু আহমেদদকে। ঘাসফুল শিবিরের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে কাছাড়, কোকরাঝাড়, তিনসুকিয়া, কামরুপ, গোয়ালপাড়া, ধুবরির মতো আসনেও। 

হিমন্তের রাজ্যে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, মোসারফ হুসেন ও দুলু আহমেদ। এবার দেখার বিষয় যে এবারের নির্বাচনে কতটা দাগ কাটে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top