দেবজিৎ মুখার্জি, কোচবিহার: এবার ডিম হামলা শিকার হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে শীতলকুচিতে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। এরপর ভিডিও করে ক্ষুব্ধ বাম নেত্রী পুলিশকে হামলাকারীদের গ্রেপ্তারের আবেদন জানান। তিনি সরাসরি শাসকদল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাম রাজনৈতিক মহলে।
গত শনিবার শীতলকুচি ব্লকের সিংহিমারি গ্রামের বাসিন্দা মণ্টু মিঞা নামে এক সিপিএম কর্মী নিখোঁজ ছিলেন বিকেল থেকে। রবিবার সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় স্থানীয় খুটামারি নদীর ধারে। পরিবারের অভিযোগ, মণ্টু গরু কেনাবেচার সঙ্গে যুক্ত বলে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন গোরক্ষকরা। খবর পেয়ে এদিন সকালে মীনাক্ষী মুখোপাধ্যায় শীতলকুচিতে মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান। ফেরার পথে শীতলকুচি বাজারের সামনে ঘটনাটি ঘটে। গাড়ি দাঁড় করিয়ে হামলার ভিডিও রেকর্ড করেন মীনাক্ষী।
গাড়িতে বসে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মীনাক্ষীর অভিযোগ, “আগে এদের গ্রেপ্তার করা হোক। পুলিশ দাঁড়িয়ে দেখবে আর ওরা যা খুশি তাই করে যাবে? বলুন কোথায় আমার অপরাধটা? বাইরে বেরনো যাবে না?” তিনি লাগাতার দ্রুত গ্রেপ্তারির দাবি তোলেন এবং দরকার পড়লে নিজের রেকর্ড করা ভিডিওটি পুলিশের হাতে তুলে দেবেন প্রমাণ করার জন্য বলেও জানিয়েছেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেখান থেকে শহরের দিকে চলে যান। এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি ঘটনাটি নিয়ে। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা ডিম হামলার শিকার হয়েছেন, যা ঘিরে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্তও।



By










