দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: “এটি নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার লড়াই” বুধবার নন্দীগ্রামে পবিত্র করের প্রচারে কর্মিসভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দেন যে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার লড়াই। ভয় পাবেন না। আমি আছি। ফের আসবো আমি। প্রয়োজন হলে আসবো আরো দু-তিনবার।” বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যে যেই ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দিতে হবে তাকে। এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।” ঘাসফুল শিবিরের সেনাপতির আশ্বাস, “চাইছি ২৫টা দিন। লড়ুন। দায়িত্ব নিন। আমার দায়িত্ব বাকি ৫ বছরের।”
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীকে আশ্বাস দেন যে ডায়মন্ড হারবারের জন্য তিনি যা করেছেন, নন্দীগ্রামের জন্যও তাই করবেন। তিনি জানান যে প্রতি পঞ্চায়েতে সেবাশ্রয়ের পাশাপাশি বার্ধক্য ভাতা আবেদনকারীরা ভাতা পাবেন এবং বাড়ির আবেদনকারীরাও বাড়ি পাবেন।
অভিষেক বলেন, “দ্বিগুণ কাজ হবে পবিত্র জিতলে। কোথায় কি লাগবে, তালিকা বানান। কী চান মানুষ। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, পবিত্র জিতলে সব করা হবে। কিন্তু নন্দীগ্রামকে পাঁচ কিলোমিটার স্পিডে হাঁটালে চলবে না, ১২০ কিলোমিটার স্পিডে ছুটতে হবে ডায়মন্ড হারবারের মতো।” তাঁর সংযোজন, “কথা দিয়ে গেলাম, যেখানে নেই আমাদের বিভাগ অথবা পঞ্চায়েতে সেখানে যেমন উন্নয়ন হয়, তেমন উন্নয়ন এখানে হারলেও হবে। তবে তৃণমূল জিতবেই আমার বিশ্বাস। এখানকার ভোটে জিতে, তল্পিবাহক হবে দিল্লি, যা হতে দেবেন না আর।”



By










