দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের সভা থেকে গেরুয়া শিবিরকে জ্বালানি সমস্যা থেকে শুরু করে ভোটার তালিকা বিতর্ক, একাধিক ইস্যু তুলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাণ্ডবেশ্বরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “এই লড়াই কৌরবের সঙ্গে পান্ডবের। বিজেপি কৌরব আর আমরা পান্ডব। সব ক্ষমতা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। যা খুশি তাই করছে এখন বিজেপি। কিন্তু মনে রাখবেন পাণ্ডবরাই শেষ পর্যন্ত, অন্যায়ের বিরুদ্ধে, জয়ী হয়।” গ্যাস বুকিং ও সিলিন্ডার শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “কী করবে মানুষ গ্যাস ফুরিয়ে গেলে? যে হারে গ্যাসের দাম বেড়েছে, মোদি সরকার আসার পর থেকে, তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। শুনছি আবার নাকি ভাবা হচ্ছে লকডাউনের মতো অ্যালার্টের কথা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দি করে, এবারও চেষ্টা হতে পারে আটকে রাখার। তবে আমি বিশ্বাস করি না ওদের। কোভিডে লড়াই করেছি, পারব এবারও।”
ভোটার তালিকাকে কেন্দ্র করে বিতর্ক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তালিকা থেকে, বিচারাধীন বহু ভোটারের নাম, বাদ পড়েছে। এখনো কেন বুথে টাঙানো হলো না তিনদিন আগে তালিকা প্রকাশ হলেও? মাত্র ৬০ শতাংশ তুলেছে, এখনো নাম বাদ দিয়েছে ৪০%। এটাও শীর্ষ আদালতের লড়াইয়ের জন্য সম্ভব হয়েছে।”



By










