• Home
  • জেলার খবর
  • “কালীঘাটেও হামলা হতে পারে” এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ইঙ্গিত দিলীপের?

“কালীঘাটেও হামলা হতে পারে” এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ইঙ্গিত দিলীপের?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে জনসভার দিন হামলা চালানো হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক এলাকা। বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কালীঘাটেও এমন হামলা হতে পারে। 

রবিবার প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, “বাইরের লোকের দরকার নেই আমরাই মারতে পারি তৃণমূলকে। গোটা বাংলায় মারব। আমার কর্মী ও সাধারণ মানুষকে আহ্বান করছি সামনে আছি আমরা। শুরু করেছি। এবার হাত লাগান আপনারাও। কলকাতায় ঠুকতে পারলে, সারা বাংলায় ঠুকতে পারবো। যেমন গুরু তেমন চ্যালা। নাটক করছেন শশী পাঁজা। মব নিয়ে পার্টি অফিস ভাঙচুর করেছিলেন যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। কালও তাই করেছেন। মব নিয়ে বাসে ছুঁড়ছিলেন বাসে ইট-পাটকেল। ভাবেননি একরকম হবে না সব সময়। তৈরি আছে আমাদের কর্মীরা। সাবধান না হলে এবার শুধু মাথায় নয়, ব্যান্ডেজ বাঁধতে হবে আরও অনেক জায়গায়। বোম, বন্দুক সব আনব।”

এখানেই থেমে যাননি। এরপরই দিলীপ ঘোষ কালীঘাটে হামলার কথা বলেন। তাঁর বক্তব্য, “মনে রাখবেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। শুধু টাকার হিসাব নয়, এতদিন যে গুন্ডামি করেছেন, তার হিসেব চোকাতে হবে। যদি শশী পাঁজার বাড়িতে হামলা হতে পারে, তাহলে হামলা হতে পারে কালীঘাটেও। হামলা হতে পারে মদন মিত্র বা চেতলার বাড়িতেও। এবং জেনে রাখুন এটা হবেও। এখানে আক্রমণ হয়েছিল নাড্ডাজির উপর। গাড়িতে আমি নিজে ছিলাম। মোদিকে গো ব্যাক হোর্ডিং দেয়। হোর্ডিং নামিয়ে নিয়েছেন একদিন পেটাতেই। বেশি বাড়াবাড়ি করলে তৃণমূলকেই আমি নামিয়ে দেবো।” 

বলে রাখা প্রয়োজন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন গেরুয়া শিবিরের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা করার পরিকল্পনা করা হচ্ছে। কি হতে চলেছে আগামীদিনে, সেদিকেই নজর রয়েছে সকল রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top