দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়াকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে পশ্চিমবঙ্গে। একে অপরকে জোরকদমে আক্রমণ করে যাচ্ছে ঘাসফুল ও গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরের ৪৭ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়ায় তাঁকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বক্তব্য তাঁর? নন্দীগ্রাম বিধায়কের বক্তব্য, তৃণমূল সুপ্রিমোকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই এবং তা পরিষ্কার এসআইআর থেকে।
শনিবার রাজ্যজুড়ে প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। একাধিক ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে এবং অনেকে বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে বাদ গিয়েছে মোট ৪৭ হাজার ১১১ জন ভোটারের নাম এবং তা নিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো ভোটার নেই সেখানে।
শুভেন্দু অধিকারী বলেন, “প্রথম রাউন্ডে ভবানীপুরে গেছে ৪৫ হাজার আর ১৪ হাজার ৫১৪ বিবেচিত হবে। অর্থাৎ ৬০ হাজার মোট। ভবানীপুরে ওকে জেতানোর মতো ভোটার নেই। এসআইআরে তা পরিষ্কার।” পাশাপাশি রাজ্যজুড়ে যে নাম বাদ পড়েছে, সেই সংখ্যাতত্ত্ব নিয়েও বিশেষ মন্তব্য করলেন বিরোধী দলনেতা। নন্দীগ্রাম বিধায়ক এর বক্তব্য, “আমি বলছি বাচ্চা হতে পারে না ২৬ দিন অন্তর অন্তর। আমি বলছি থাকতে পারে না একজনের একশটা বাচ্চা। নামই তো এগুলোর এল.ডি। জজেরা দেখবেন তো এগুলো। আমি যেটুকু খবর পাচ্ছি অভ্যন্তরীণভাবে, তাতে খুব গুরুত্বের সঙ্গে ব্যাপারটা করছে জুডিশিয়ারি। খুব ভালো লক্ষণ এটা। তারা কখনো প্রভাবিত হন না কারোর দ্বারা। তারা করেন নথির উপর। এখানে জায়গা নেই নথি নষ্ট করারও।”
শুভেন্দু অধিকারী আরো বলেন, “৫৮ লক্ষ প্রথম দফায়। পরে প্রায় ৫-৬ লক্ষ অনুপস্থিত, ইত্যাদি মিলিয়ে। এই করে তো বাদ গিয়েছে ৬৩-৬৪ লক্ষ। বিবেচনায় গেছে বাকি ৬৫ লক্ষ। আমার কাছে একটা তথ্য আছে অফ দা রেকর্ড। তবে বলছি না সেটা আমি।” বিরোধী দলনেতার এমন মন্তব্য একাধিক প্রশ্ন জন্ম দিয়েছে। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে এই নিয়ে আর কি হয়। কোন পথে এগোচ্ছে এসআইআর নিয়ে রাজনৈতিক লড়াই? তা বলবে সময়।



By











