দেবজিৎ মুখার্জি: ইরান যুদ্ধের চাপ পড়েছে যোগী আদিত্যনাথের রাম-রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরেও। সেখানে ‘সীতা রাসোই’য়ে বন্ধ রান্না। এই বিষয়টি নিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কী বক্তব্য তাঁর? তিনি সংসদে এই ব্যাপারে নিজের অবস্থান জানান। এখানেই শেষ নয়, কেন বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম, সেই প্রশ্নও তোলেন ঘাসফুল শিবিরের সাংসদ।
কীর্তি আজাদের বক্তব্য, “আজকের ব্রেকিং নিউজ হল উনুন জ্বলছে না অযোধ্যায় রাম মন্দিরের সীতার রাসোইয়ে। কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে দেশে।” গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, “কিছুদিন আগে এমনটা বলেছিলেন মন্ত্রী। কোনও সংকট নেই দেশে। যদি সংকট নাই থাকে, তাহলে কেন সিলিন্ডার পিছু ৬৫ টাকা করে বাড়ানো হলো সাধারণ রান্নার গ্যাসের দাম। কেন মারা হচ্ছে গরিবকে? কোনও উত্তর দিচ্ছে না সরকার।”
এখানেই থেমে যাননি তৃণমূল কংগ্রেস সাংসদ। কীর্তি আজাদ বলেন, “২০১৬ সালে নর্দমার গ্যাসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। যদি সেটা এনারা মেনে থাকেন, তাহলে সেটা বাস্তবায়ন করলেন না দেশের বৈজ্ঞানিকদের দিয়ে? তবে আজ দেখতে হতো না এই সংকট।” তাঁর সংযোজন, “নর্দমা রয়েছে সব বাড়ির কাছে। তাহলে দরকার পড়ত না এত গ্যাস আমদানির।”



By













