দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রথম দফার নির্বাচনের আগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, আগামী ১৫০ ঘণ্টার মধ্যে রাজ্যে বীভৎস কিছু খারাপ পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে ইডি-সিবিআই-এনআইএর শীর্ষ কর্তাদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সোমবার সাংবাদিক বৈঠক করে এই ব্যাপারে রাজ্যবাসীকে আগাম সতর্ক করলেন দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী শশী পাঁজা।
শশী পাঁজার বক্তব্য, “বিজেপি ভাওতাবাজি করছে বাংলায়। গেরুয়া শিবির বন্ধু করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন মহিলাদের জন্য। কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী খোদ বৈঠক করছেন। টার্গেট করা হয়েছে দক্ষিণবঙ্গকে। আগামী ১৫০ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। বিজেপি পরিকল্পনা পাকাচ্ছে বড় কোন অ্যাকশন করার।”
ঘাসফুল শিবিরের অভিযোগ, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে পরাজিত না করতে পেরে ময়দানে নামানো হচ্ছে পুরো কেন্দ্রীয় শক্তিকে। ডেরেক ও’ব্রায়েনদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে রুখতে একসাথে আনা হয়েছে ১৮ জন ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইডি-সিবিআই-এনআইএ ও ২৪০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে। দলের মতে, যেহেতু গণতান্ত্রিক লড়াইয়ে পেরে ওঠেনি, তাই এখন এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে।



By










