দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। তার আগে বঙ্গ রাজনীতিতে জোর চাঞ্চল্য একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতারিকে ঘিরে। শুধু তাই নয়, কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারির নোটিসও জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘাসফুল শিবিরের অভিযোগ, সাংগঠনিকভাবে দুর্বল বিজেপি এবং সেই কারণে পরাজয়ের ভয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করাচ্ছে কমিশনকে দিয়ে।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে রবিবার রাতে গ্রেফতার করা হয় পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন কুন্ডুকে। পাশাপাশি, ঘোলা থানার পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপ মজুমদার এবং তাঁর ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল, ওরফে বাটালি বাপ্পাকেও। খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাসখোলা ঘাটে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে রাজকুমার মাইতি নামে এক তৃণমূল কর্মীকে।
পুলিশের তরফ থেকে গ্রেফতারির নোটিশ জারি করা হয়েছে পানিহাটি পুরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ বড়ুয়া, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিন্দম বিশ্বাস এবং ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস সহ বেশ কয়েকজন কাউন্সিলারের বিরুদ্ধে। এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য, পক্ষপাতদুষ্ট আচরণ করছে কমিশন ও ব্যারাকপুর পুলিশ। পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে।



By










