দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ভোটের আগে ফের চাঞ্চল্য নন্দীগ্রামে। ভোটারদের টাকা বিলি এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই, তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শেখ হাবিবুল রহমান, ওরফে নান্টু।
গেরুয়া শিবিরের অভিযোগ, দলবল নিয়ে নান্টু মহম্মদপুর এলাকার নানা বুথে ঘুরছিলেন এবং ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা দেওয়ার পাশাপাশি হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি ঠিক নয় দেখে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় নান্টুকে এবং পরে গ্রেফতার করা হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই গ্রেফতারির প্রতিবাদ করা হয়। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তাঁদের বক্তব্য, “শুধু দলীয় প্রচারে গেছিলেন নান্টু এবং কোনও টাকা বিলি করা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজেপি এই গ্রেপ্তারি করিয়েছে পুলিশকে ব্যবহার করে।” যদিও পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে তোলা হবে হলদিয়া মহকুমা আদালতে।



By










