দেবজিৎ মুখার্জি, কলকাতা: শাসকদলের প্রচারকে ঘিরে উত্তেজনা চেতলায়। শনিবার সকালে যখন জনসংযোগ করতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তখন তাঁকে ঘিরে অভিযোগ জানানো হয় স্থানীয়দের তরফ থেকে। এরপর নাকি স্থানীয় তৃণমূল নেতাদের তরফ থেকে হুমকি দেওয়া হয় অভিযোগকারীদের বলে অভিযোগ।
সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন জনসংযোগ করতে গেলে ফিরহাদ হাকিমকে ঘিরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, “এখানে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে জল জমার। তা কোনোভাবেই সমাধান হচ্ছে না।” ফিরহাদ হাকিম চলে গেলে তাঁদের উপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতারা। এমনকি, জোর করে অভিযোগকারীদের বাড়িতে ঢুকে পড়েন বলে অভিযোগ। এমনকি বাংলার বাড়ির কাজ বন্ধের হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ উঠেছে।
পাল্টা তৃণমূলের দাবি, এখানে সব কাজ হয়েছে এবং এখনো হচ্ছে। কোনো অসুবিধা নেই। ঘাসফুল শিবিরের দাবি অভিযোগগুলি বিজেপির লোকেরা এনেছেন এবং বদনাম করার চেষ্টা করা হচ্ছে ফিরহাদ হাকিমকে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



By










