• Home
  • জেলার খবর
  • এসআইআর নিয়ে আবারও লাগামহীন মন্তব্য শুভেন্দুর

এসআইআর নিয়ে আবারও লাগামহীন মন্তব্য শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: এসআইআর নিয়ে আবারও লাগামহীন মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, বদ রক্ত বেরিয়ে গেছে ভোটার তালিকার। শুভেন্দু অধিকারীর কথায়, “৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে ব্রেকফাস্টে, লাঞ্চে গেছে ৬০ লক্ষ, ডিনার এখনো হয়নি। ১৪ লাখ চলে গেছে বিকেলে চা খেতে খেতে। বাদ গিয়েছে এখনো পর্যন্ত ৭৯ লক্ষের নাম।”

এই পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতার দাবি, এবারের ভোটে ১৭৭এর কম আসন পাবে না বিজেপি। শুধু তাই নয়, ২১এর নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উপর হওয়া অত্যাচারের হিসাব নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া তিনি এও জানিয়েছেন যে গেরুয়া শিবির ক্ষমতায় এলে যাঁদের নামে মিথ্যা মামলা হয়েছে, সেই সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে এবং যেই দলীয় কর্মীরা জেল খেটেছেন, তাঁদের প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে সংগ্রামী ভাতা দেওয়ার কথাও তিনি দিয়েছেন। 

এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেওয়া হয়নি রাজ্যে। রাজ্যবাসী বঞ্চিত উজ্জ্বলা প্রকল্প থেকে। তাঁর অভিযোগ, কেন্দ্রের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গে আনতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top