দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতিতে নয়া মোড়! পুর-নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার রাজ্যের বিদায়ী মন্ত্রী, তথা বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজিত বসু। এদিন সকালে তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন। লম্বা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকে ভোটগ্রহণ পর্যন্ত বেশ কয়েকবার ইডির তরফ থেকে তলব নোটিস পাঠানো হয়েছিল সুজিত বসুকে। তবে নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সময় চেয়ে আদালতের দ্বারস্থ হন। ভোট মিটতেই আইনজীবীকে সাথে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্স যান এবং মুখোমুখি হন তদন্তকারীদের। লম্বা সময়ের পর তিনি বেরোন। সেদিন প্রবেশ করার সময় সুজিতের তরফ থেকে জানানো হয়েছিল যে তিনি এসেছেন আদালতের অর্ডার কপি নিয়ে।
সোমবার সকালে সুজিত বসু ফের ইডি দপ্তরে হাজিরা দেন। এদিন তাঁর সাথে ছিলেন তাঁর পুত্র সমুদ্র বসুও। তবে লম্বা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। ইডি সূত্র মারফত খবর, বয়ানে অসংগতির কারণেই গ্রেফতার করা হয় বিদায়ী মন্ত্রীকে। শোনা যাচ্ছে, এদিন রাতেই তাঁকে তোলা হতে পারে আদালতে শারীরিক পরীক্ষার পর।
এমনিতেই কদিন আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ায় মারাত্মক চাপে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সুজিত বসুর গ্রেফতারি ব্যাপক হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্যে। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে বিষয়টি নিয়ে। অনেকে ঘাসফুল শিবিরের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। কোনদিকে এগোচ্ছে দলের ভবিষ্যৎ? তা বলবে সময়।



By










