• Home
  • জেলার খবর
  • কর্মী সম্মেলন থেকে ফের একলা চলো নীতির কথা মনে করালেন শুভঙ্কর সরকার

কর্মী সম্মেলন থেকে ফের একলা চলো নীতির কথা মনে করালেন শুভঙ্কর সরকার

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: বুধবার কাটোয়া শহরের রবীন্দ্র পরিষদ হলে কংগ্রেসের তরফ থেকে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষক গোলাম আহমদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিশেষ পর্যবেক্ষক ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের রাজ্য ও জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব। সেখান থেকে ফের একলা চলো নীতির কথা তুলে ধরেন শুভঙ্কর সরকার এবং তাতে সহমত জানান গোলাম আহমদ মিরও। পাশাপাশি এও পরিষ্কার করে দেন যে এখন অতীত বামেদের সঙ্গে সম্পর্ক। তবে হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে জেইউপি প্রধানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে কংগ্রেস ধর্মীয় বিভাজনে বিশ্বাসী নয়।

এদিন শুভঙ্কর সরকার বলেন, “আমরা একাই লড়বো বর্তমান সময়ের দাবি অনুযায়ী। তেমনটাই রাজ্য নেতৃত্বের কাছে আমাদের কর্মীরা বলেছিলেন। সেই কথা আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই।” প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, “এখন ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে। অদ্ভুত এক সামাজিক বিভাজন সৃষ্টি হয়েছে। কিভাবে এর প্রতিরোধ করা যায়, সেটাই চ্যালেঞ্জ। বরাবরই আমরা বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের।” হাত শিবিরের নেতৃত্বের মতে, দল এখন নিজেদের এক মজবুত বিকল্প হিসেবে তুলে ধরতে চায় তৃণমূল ও বিজেপি, দুই দলের বিরুদ্ধেই।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জোট নিয়ে বামেদের সঙ্গে মতপার্থক্য চলছিল কংগ্রেসের। সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের তরফ থেকে একাধিকবার আক্রমণ করা হয় হাত শিবিরকে। কিন্তু তারাও পাল্টা দেয় বামেদের এবং পরিষ্কার করে দেয় যে তাদের সিদ্ধান্ত তারা নিজে নেবে এবং ঠিক সময়ে নেবে। অবশেষে জোট করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে কংগ্রেস।

গত বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বৈঠক হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের এবং তারপরই একলা চলো পথের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে ছিলেন দলের সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং সাধারণ সম্পাদক, তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক, গুলাম আহমেদ মীর। বৈঠকের পরই মীরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে এবার বাংলার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে কংগ্রেস। এবার দেখার বিষয় যে একা লড়াই করে নিজেদের ঝুলিতে কিছু আসন তুলতে পারে কিনা কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top