দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক লড়াই দিনদিন অন্য পর্যায়ে যাচ্ছে। আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত তৃণমূল কংগ্রেস ও বিজেপির। এরই মাঝে বড় ঘোষণা করা হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফ থেকে। কী সেই ঘোষণা? তিনি ঘোষণা করলেন যে আরও ৭ দিন চলবে শুনানির কাজ এবং সব ঠিকঠাক থাকলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে চলতি মাসের ২১ তারিখে।
২০২৫ সালের অক্টোবর মাসে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বাংলার মাটিতে চালু হয়েছিল এসআইআরের কাজ। ১৪ই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা এবং তারপরই ঘোষণা হতে পারে নির্বাচন। কিন্তু শেষ পর্যায়ে এসে দেখা যায় যে এখনো কাজ বাকি রয়েছে। একাধিক জেলায় সময়ের মধ্যে শেষ করা যায়নি কাজ এবং এরপরই কমিশনকে আবেদন জানানো হয় জেলাশাসকদের তরফ থেকে এবং তা মেনে নেওয়া হয় এবং এক সপ্তাহ বাড়ানো হয় শুনানির দিন।
এই ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, “এখনো কিছু কাজ বাকি আছে কয়েকটি জেলায়। শুনানির কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটা বিধানসভা কেন্দ্রে। জেলাশাসকরা আমাদের সেটা জানিয়েছেন। তবে কাজ হয়ে গেছে ৭০ থেকে ৮০ শতাংশ। সামান্য বাকি। সাত দিনের মধ্যে হয়ে যাবে আশা করছি।”
চূড়ান্ত ভোটার তালিকা চলতি মাসের শেষে প্রকাশ করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তার আগেই সম্ভব। যদি আরো ৭ দিন হয় শুনানির কাজ, তাহলে সেই হিসেব অনুযায়ী আরো ৭ দিন লাগবে বাকি কাজ শেষ করতে। ২১ তারিখের মধ্যে সম্ভব হবে চূড়ান্ত তালিকা দেওয়া।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কবে এই সংক্রান্ত সব কাজ শেষ হয়। এরপর কি হয়, সেদিকেও নজর থাকবে সকল রাজ্যবাসীর।



By










