• Home
  • জেলার খবর
  • জমি দখল মামলায় সিজিও কমপ্লেক্সে শ্রেয়া পান্ডে

জমি দখল মামলায় সিজিও কমপ্লেক্সে শ্রেয়া পান্ডে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার কি গ্রেফতার হওয়ার পথে এক তৃণমূল কংগ্রেসের আরও এক প্রভাবশালী মুখ? জমি দখল ও অবৈধ নির্মাণ মামলার তদন্তে এবার নাম জড়াল দলের মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তথা প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের কন্যা, শ্রেয়া পান্ডের। এদিন সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে মুখোমুখি হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

প্রসঙ্গত, ভোটের আগে ইডির তরফ থেকে তদন্ত করা হচ্ছে জাল নথির দ্বারা সরকারি ও বেসরকারি জমি দখল এবং তাতে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে মামলার। ইতিমধ্যেই এতে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী জয় কামদার, কুখ্যাত সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকে। তদন্তে উঠে এসেছে ছড়িয়ে থাকা আর্থিক লেনদেন ও সম্পত্তিকে কেন্দ্র করে জটিল নেটওয়ার্ক। 

কয়েকদিন আগে ইডির তরফ থেকে জেরা করা হয় কল্যান শুক্লাকে। তাঁর আরবানার আবাসনে তল্লাশি চালিয়ে মেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল তথ্য এবং মোবাইল চ্যাট। তার থেকে পাওয়া যায় একাধিক নতুন সূত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে যে তদন্তে খোঁজ পাওয়া গিয়েছে এমন কিছু সম্পত্তির, যা কেনাবেচা করা হয়েছে মার্কেট প্রাইসের তুলনায় বেশ কম দামে। এর সাথে তদন্ত করে দেখা হচ্ছে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের সূত্রও। 

কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ চলাকালীন নাম উঠে আসে শ্রেয়া পান্ডের। এরপরই তাঁকে তলব করা হয়। সোমবার সকাল থেকে তাঁকে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে জেরা করছেন। এবার দেখার আগে কি হয়। যেভাবে একের পর এক তৃণমূল নেতা-কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন, শেষ পর্যন্ত শ্রেয়া পান্ডেকে গ্রেফতার করা হয় কিনা, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top