• Home
  • জেলার খবর
  • শুনানি থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন শশী পাঁজা

শুনানি থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন শশী পাঁজা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচনার বিষয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার এসআইআরের শুনানিতে ডাক পাওয়া। এদিন দুপুরে তিনি যাবতীয় নথিপত্র নিয়ে গিরিশ পার্কের শুনানিকেন্দ্রে হাজিরা দেন। তবে বেরিয়ে এসে তিনি হয়রানির অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তিনি কমিশনকে রীতিমতো চ্যালেঞ্জ পর্যন্ত ছুঁড়ে দেন।

শশী পাঁজা বলেন, “হয়রানি করা হচ্ছে। আমার কাছ থেকে নথি চাইল। অথচ আমার নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। আমি সেগুলি দেওয়ার পর পাসপোর্ট চাইছে। পাসপোর্ট দেখাবো না আমি। এটা আমার প্রতিবাদ।” এরপরই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “দেখুক কি করে। ভোটার তালিকায় নাম তোলা হয় কিনা তিনবারের মন্ত্রী, বিধায়কের। আমি বহু বছর ধরে ভোটে লড়ে এসেছি, ভোট দিয়েছি। অযথা হয়রানি করা হচ্ছে। যা খুশি তাই করছে নির্বাচন কমিশন।” এর জন্য কতটা ক্ষুব্ধ হয়েছেন, এদিন তা পরিষ্কার করে দিয়েছেন ঘাসফুল শিবিরের অন্যতম হেভিওয়েট নেত্রী।

প্রসঙ্গত, শুনানিতে ডাক পেয়ে শশী পাঁজা বলেছিলেন, “কমিশন কাজটি হুড়হুড়ি করে করাতে গিয়েছে বলে বিএলওদের অ্যাপ, সফটওয়্যার, সবেতেই সমস্যা আছে, যেই কারণে আমার নাম ২০০২ সালের লিস্টে থাকলেও অ্যাপে নেই। ওনারা হয়তো ভেবেছেন যে আমার ক্ষেত্রে জিনিসটা আলাদা ভাবে এসে করে দেবেন। আমি বলছি আমি গিয়ে হাজিরা দেব আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। আশ্চর্যজনক এটা। অবাক হয়েছি আমি। যখন আমার ডাক পড়েছে, তখন সাধারণ মানুষের তো……। হাস্যকর এটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top