• Home
  • জেলার খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তিপ্রসাদ সিনহার

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তিপ্রসাদ সিনহার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলা এবার নতুন মোড়! জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে যে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে, তাতে তিনি জামিন পান। শুক্রবার তা মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। যদিও জামিন দেওয়া হয়েছে শর্তসাপেক্ষ। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মিলেছে জামিন। পাশাপাশি, বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তাঁকে। তবে তাঁর জেল থেকে বেরোনোর ক্ষেত্রে রইল না কোনো বাঁধা।

এসএসির নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে। তাঁর বিরুদ্ধে ক্ষমতা খাটিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বেশ কয়েকবার সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম উঠে আসে। তবে ২০২৪ সালে তিনি সিবিআইয়ের করা মামলা থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু জেল থেকে বেরোতে পারেননি। পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ইডির করা মামলা। 

তবে শুক্রবার ইডির করা মামলায় শান্তিপ্রসাদ সিনহা জামিন পান। তবে বিচারপতির তরফ থেকে বেশ কয়েকটি শর্ত চাপানো হয় তাঁর উপর। কী সেই শর্তগুলি? প্রাক্তন এসএসসি চেয়ারম্যানকে জমা দিতে হবে তাঁর পাসপোর্ট। তদন্তকারী আধিকারিকের অনুমতি ছাড়া তিনি নিজের বাসস্থানের ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। যেতে পারবেন না বাইরে। পাশাপাশি, তদন্তকারী আধিকারিকদের দিতে হবে ফোন নম্বরও। এছাড়া জামিন নিতে হবে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। অবশেষে এদিন তিনি জামিন পান।

এবার দেখার বিষয় যে শান্তিপ্রসাদ সিনহা জামিন পাওয়ার পর এই অধ্যায়ে আর নতুন কি হয়। এরপরে নয়া কিছু দেখা যাবে কিনা বা বিস্ফোরক কোনও তথ্য উঠে আসবে কিনা, সেটাই এখন দেখার। তবে প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের জামিন পাওয়া এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে। সেক্ষেত্রে দেখার যে এই বিষয়টির জল আরো কতদূর গড়ায়। কী হয় আগামীদিনে? সেদিকেই নজর থাকবে সকল রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top