দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর দুদিন পরই ভোটগণনা। কে সরকার গঠন করবে এবার, তা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে রাজ্যে। গণনার দিন কলকাতা থেকেই রাজ্যের পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বরা। যাবতীয় সব আপডেট দিল্লিতে পৌঁছে যাবে সল্টলেকের পার্টি অফিস থেকেই।
দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান থেকেই সমস্ত আসনের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো হবে। এই দায়িত্বে থাকবেন সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদব। খোদ অমিত শাহও নজর রাখবেন প্রত্যেক মুহূর্তে কী হচ্ছে, তার দিকে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করেছেন গণনার প্রস্তুতি পুরো ঠিক করার ব্যাপারে। বৈঠকগুলি আলাদাভাবে আয়োজিত হয়েছে মালদহ, শিলিগুড়ি ও কলকাতায়। শমীক ভট্টাচার্যও সেখানে উপস্থিত ছিলেন। চারটি ধাপে ভাগ করে সবিস্তারে আলোচনা করা হয় জেলা সভাপতি, প্রার্থী এবং কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে। গণনার দিন কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য কাউন্টিং এজেন্টদের ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে জেলাস্তরে শনিবার।



By










