দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন নিয়ে এবার নিজের অবস্থান তুলে ধরলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কী কারণে এই ব্যবস্থা করা হয়েছে, তা তুলে ধরেন তিনি। বিজেপি বিরোধী দল থাকাকালীন, কী হতো তা তুলে ধরার পাশাপাশি ডিম থেরাপি নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
রবিবার থেকে, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনাকে ঘিরে, তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে গতকাল রাতে তৃণমূল সুপ্রিমো, তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন আরও পরিস্থিতি চাঞ্চল্যকর করে তোলে। ঘটনায় সরব হয়েছে গোটা কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতার দাবি, বারুইপুরে যাওয়া থেকে আটকানোর জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে নেত্রীকে।
এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “যখন আমরা যেতাম, তখন কী ব্যবহার করত আমাদের সঙ্গে? আমরা কিন্তু ভুলিনি। আমি তো ভুলিনি। কতবার গাড়ি ভাঙা হয়েছে, গো-ব্যাক বলা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে। দেখুন কেমন লাগে বিরোধী থাকলে।” ডিম হামলার প্রসঙ্গ তুলে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা কারও গণতান্ত্রিক অধিকার হরণ করছি না। উনি একটু ভুল বুঝছেন। যেভাবে পার্টির নেতারা ডিম খাচ্ছেন, ওনাকেও যদি ডিম ছোড়া হয়, তাই সুরক্ষা দেওয়া হচ্ছে সম্মানের সঙ্গে।” প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে নির্যাতিতার পরিবারের।



By










