• Home
  • জেলার খবর
  • শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হবে ১৬৩ ধারা

শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হবে ১৬৩ ধারা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এমনিতেই ২১শে জুলাই ‘শহীদ দিবস সভা’ পালন নিয়ে মমতাপন্থী ও ঋতপন্থী তৃণমূলের দড়ি টানাটানি ঘিরে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, তার মাঝে এক বড় ঘোষণা করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। কী সেই ঘোষণা? অশান্তি ঠেকাতে প্রায় দুই মাস তিলোত্তমার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট অবধি বিএনএসের ১৬৩ ধারা কার্যকর থাকবে মধ্য কলকাতার নানা গুরুত্বপূর্ণ এলাকায়, যার মধ্যে রয়েছে বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্র্যাফিক হেডকোয়ার্টার্স গার্ড এলাকা, কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল সহ আরও অনেক। প্রসঙ্গত, প্রত্যেক বছর ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১ জুলাইয়ের সভা করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে উল্লেখিত এলাকাগুলিতে কোনওরকম বেআইনি জমায়েত, ধরনা, মিছিল, ইত্যাদি করা হলে আইনি পথে হাঁটবে পুলিশ।

এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়টি নিয়ে। কীসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বা এর নেপথ্যে বড়সড় কিছু রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিনা, এই সংক্রান্ত নানা প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজ্যবাসীদের মধ্যে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে বিষয়টি কী রূপ নেয়। জল কতদূর গড়ায় বা এই নিয়ে কোনও আইনি লড়াই হয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Scroll to Top