দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকে যুবকের মৃত্যুর ঘটনায়, দায়িত্বে ত্রুটির অভিযোগে, ৫ জনকে গ্রেফতার করলো পুলিশ। তাঁদের মধ্যে ৩ জন লিফটম্যান এবং ২ জন নিরাপত্তারক্ষী। টালা থানা সূত্র মারফত জানা গিয়েছে যে ধৃত তিন লিফটম্যানের নাম মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস ও মানসকুমার গুহ এবং ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম আশরাফুল রহমান ও শুভদীপ দাস।
শনিবার পুলিশ ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে শিয়ালদহ আদালতে তুলে। ঘটনার তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। ধারাবাহিকভাবে জেরা চালানো হচ্ছে জানার জন্য যে শুক্রবার ঘটনার সময়ে, অর্থাৎ ভোরে এরা কি করছিলেন বা কেন লিফটের কাছে ছিলেন না বা কেন বিপদের সময়ে তাঁদের পাওয়া যায়নি। ইতিমধ্যেই মৃত অরূপের ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আঘাত রয়েছে তাঁর শরীরের ২৫টি জায়গায়।
প্রসঙ্গত, শুক্রবার ছেলের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে লিফট করে হাসপাতালের ৫ তলার ট্রমা কেয়ার সেন্টারে যাচ্ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। তবে তা চালু হওয়ার পর আটকে যায় কোনও কারনে ঝাঁকুনি দিয়ে। উপরে ওঠার জায়গায় নিচে নেমে যায়। তারপরে অরূপকে লিফট খুলে বার করা হয়। তিনি ততক্ষণে অজ্ঞান হয়ে যান। পরে ডাক্তারদের তরফ থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও সুরক্ষিত স্ত্রী-সন্তান। টালা থানায় অভিযোগ দায়ের করা হয় মৃতের বাবার তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে লিফটম্যান সহ ৫ জনকে আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁরা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বললে রাতে তাঁদের গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



By










