• Home
  • জেলার খবর
  • আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আবারও নয়া মোড় আরজি কর কাণ্ডে। শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির বিজেপি বিধায়ক, রত্না দেবনাথ। কোর্টে নতুন মামলা দায়ের হয়েছে দ্বিতীয়বার ময়নাতদন্তে বাধা, তৎক্ষণাৎ দেহ দাহ এবং প্রমাণ নষ্টের অভিযোগ তুলে।

শিয়ালদহ আদালতে মঙ্গলবার নির্যাতিতার পরিবার মামলা দায়ের করেন। তাতে তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় এবং ঘোলা থানার তৎকালীন ওসি সোমনাথ দাসের গ্রেফতারির আবেদন জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, বাধা দেওয়া হয়েছিল দ্বিতীয়বার ময়নাতদন্তের ক্ষেত্রে। এখানেই শেষ নয়, এই দাবিও করা হয়েছে যে দ্রুত দেহ দাহ করা হয় পরিবারের হাতে কোনও দরকারি নথি না দিয়েই। পরিবারের আইনজীবীর বক্তব্য, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই ঘটনাগুলির নেপথ্যে কারোর ভূমিকা ছিল কিনা।

জরুরি ভিত্তিতে এদিন শিয়ালদহ আদালতে মামলার শুনানি হয়। তাতে সিবিআইয়ের আইনজীবী বলেন, আদালত সরাসরি নির্দেশ দিতে পারে না কাকে গ্রেফতার করা হবে। সময়ও চাওয়া হয় এই ব্যাপারে বিস্তারিত জবাব দেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে নির্যাতিতার আইনজীবীর বক্তব্য, তাঁদের আবেদন মূলত অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়া আদালতে এই প্রশ্নও তোলা হয় যে কীভাবে দেহ এত দ্রুত দাহ করা হলো। এই অভিযোগও করা হয়েছে যে সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার কথা বলা সত্ত্বেও এখনও তা শেষ হয়নি। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারকের তরফ থেকে মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৫ জুন বলে জানিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top