• Home
  • দেশ
  • রাহুলকে গুলি করে হত্যার হুমকি কর্নি সেনার নেতার, গ্রেফতার হলো কোটা থেকে

রাহুলকে গুলি করে হত্যার হুমকি কর্নি সেনার নেতার, গ্রেফতার হলো কোটা থেকে

Image

দেবজিৎ মুখার্জি: লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লাকে অপমান করার অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী সহ ২৫ জন বিরোধী বিধায়ককে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিজেপি শাসিত রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামে কর্নি সেনার এক নেতা। ঘটনাকে ঘিরে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।

বাজেট অধিবেশনের প্রথম পর্বে যেভাবে বিরোধীরা স্পিকার ওম বিড়লার সঙ্গে কথাবার্তা বলেছেন, তার রীতিমত অপমানজনক বলে মনে করছেন রাজ সিং। তাঁর অভিযোগ, ওম বিড়লাকে হেনস্থা করা হয়েছে রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী সাংসদদের তরফ থেকে। এরপরই ভিডিও বার্তায় তিনি রাহুল সহ বাকিদের গুলি করার হুমকি দেন। তিনি বলেন, “আমি মনে করি রাহুল গান্ধীর নির্দেশেই সবটা ঘটেছে। শুনে রাখুন রাহুল গান্ধী, এই ঘটনা যদি ফের ঘটে তাহলে গুলি করবো ঘরে ঢুকে।” 

পরে আবার রাজ বলেছেন যে রাহুল গান্ধীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে, তাঁদের তিনি গুলি করবেন। তিনি গেরুয়া শিবিরের প্রসঙ্গও টেনেছেন বলে অভিযোগ। রাজের বক্তব্য, রাহুলের কাজে কর্নি সেনার পাশাপাশি বিজেপিও রেগে। এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ওম বিড়লার হ্যান্ডশেক করার ছবিও ব্যবহার করেছেন।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ধৃত রাজ সিং নিজেকে কর্নি সেনার নেতা বলে জানিয়েছেন। তবে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, কর্নি সেনা জানিয়েছে যে রাজের সঙ্গে তাদের কোনও যোগ নেই। কোটার বিজেপি সভাপতি রাকেশ জৈন বলেছেন, “আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে সেই ব্যক্তির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির একটা শৃঙ্খলা আছে। যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা আমাদের নীতি-আদর্শের বিরুদ্ধে।” 

অন্যদিকে, কংগ্রেস সাংসদ কেসি ভেণুগোপাল বলেন, “দেখুন আপনারা, বিজেপি ও সংঘ পরিবারের ইকোসিস্টেম কেমন পরিবেশ তৈরি করে রেখেছে। রাহুলকে তো ওরা সংসদে কথা বলতে দিচ্ছেই না। এবার ওরা হত্যাও করতে চাইছে। যদিও এসব নিয়ে চিন্তিত নন রাহুল গান্ধী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top