• Home
  • জেলার খবর
  • খিদিরপুরে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান

খিদিরপুরে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের ভরতপুরের বিধায়ক, তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, হুমায়ুন কবিরকে ঘিরে প্রতিবাদ দেখানো হলো স্থানীয়দের তরফ থেকে। ঘটনাটি ঘটেছে খিদিরপুরে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জেইউপি প্রধান অভিযোগের আঙ্গুল তুলেছেন ঘাসফুল শিবিরের দিকে। যদিও পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। তবে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযোগ জানানো হলে তা খতিয়ে দেখা হবে।

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বিতর্কিত ও আলোচনার পাত্র সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বর্তমানে তিনি নিজের দল খুলেছেন, যার নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। প্রতিনিয়তই তিনি আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। যদিও শাসক শিবিরের তরফ থেকেও তাঁকে লাগাতার পাল্টা দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্যও করে বসছেন। সম্প্রতি, সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের সঙ্গে তাঁর বৈঠক বড় বিতর্ক তৈরি করেছে।

এবার খিদিরপুরে গিয়ে তিনি পড়লেন স্থানীয়দের ক্ষোভের মুখে। ঘটনাটি ঠিক কী? বুধবার কোনও কাজে এসেছিলেন হুমায়ুন কবির। একবালপুর ষোলো আনা মসজিদের সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগানও। অবশেষে জেইউপি প্রধানের নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে নিয়ে যান। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।

হুমায়ুন কবির অভিযোগের আঙ্গুল তুলেছেন শাসকদলের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত রয়েছে এই ঘটনার পেছনে। ঘটনা সংক্রান্ত ভিডিও পর্যন্ত তিনি শেয়ার করেছেন। তবে সেখানে কোথাও দেখা যায়নি ঘাসফুল শিবিরের পতাকা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে স্থানীয়দের তরফ থেকেই বিক্ষোভ দেখানো হয়েছে। পুলিশের বক্তব্য, তাদের তরফ থেকে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে অভিযোগ পাওয়া গেলে। বলে রাখা ভালো, এর আগে জানুয়ারি মাসে একই ঘটনা ঘটে হুমায়ুনের সঙ্গে। ব্রিগেডের মাঠ পরিদর্শন করতে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সেবারও ‘গো ব্যাক’ শ্লোগান উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top