দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। তার জেরে ভারতের জ্বালানি নিরাপত্তার উপর চিন্তার কালো মেঘ দেখছে কূটনৈতিক মহল। ২০২০ সালের পর এই প্রথম ১১০ টাকা ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার রাজ্য সভায় জ্বালানি তেল নিয়ে অবস্থান জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সাফ কথা, সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে দেশের উপভোক্তাদের স্বার্থরক্ষাকে।
জয়শঙ্কর বলেন, “ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ পশ্চিম এশিয়া। লাগাতার বাড়তে থাকা সংঘাতের ফলে সরবরাহে কোপ পড়ার সঙ্গে তৈরি করতে পারে অস্থিরতা। বলার অপেক্ষা রাখে না যে এই সংঘাত যথেষ্ট চিন্তাজনক ভারতের জন্য।” তাঁর সংযোজন, “এই সংঘাতের জেরে ব্যাহত হতে পারে সরবরাহ শৃঙ্খল, যা এক বড় সমস্যা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে।”
এরপর দেশের নাগরিকদের আশ্বাস দিয়ে বিদেশমন্ত্রী বলেন, “সরকারের তরফ থেকে পুরো বিষয়টির উপর নজর রাখা হয়েছে এবং এর জেরে যে প্রভাবের সম্ভাবনা রয়েছে, তা মূল্যায়ন করছে।” তিনি আরো বলেন, “দেশের জাতীয় স্বার্থ, যার মধ্যে জ্বালানি নিরাপত্তা ও নাগরিকদের কল্যাণই প্রাধান্য পাবে।” এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। সেদিকেই নজর থাকবে সকল দেশবাসীর।



By













