দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে রেড রোড ও লাগোয়া এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় পর্যায়ের প্রধান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা আগেই জানানো হয়েছিল। তবে এবার জল্পনা আরও প্রকট হল এই অনুষ্ঠানের আগেই। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে বাংলার মাটিতে পা রাখতে পারেন তিনি।
দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের তরফ থেকে পালন করে আসা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার গঠন করেছে তারা। সরকারিভাবেও দিনটিকে পালন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুতরাং দিনটির মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। এই আবহে জোর জল্পনা শুরু হয়েছে যে ২০ জুনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহরে পৌঁছাতে পারেন।
ইতিমধ্যেই সমন্বয় বৈঠক শুরু হয়েছে রাজ্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে। পাশাপাশি দ্রুতগতিতে এগোচ্ছে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যান চলাচল নিয়ন্ত্রণ ও অনুষ্ঠানের অবকাঠামো গড়ে তোলার কাজও রেড রোড ও আশপাশের এলাকায়। পালাবদলের পর এই প্রথমবার তিলোত্তমা হতে চলেছে কোনও বড় জাতীয় কর্মসূচির কেন্দ্রবিন্দু।
প্রসঙ্গত, শেষবার শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসের ৯ তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। এবার ফের তিনি পা রাখতে চলেছেন কলকাতায়। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উন্মাদনা যে একেবারে আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের, তা বলাই বাহুল্য। শীঘ্রই যে কলকাতায় বিজেপি কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যাবে, তা না বললেও স্পষ্ট। বলা ভালো, সকলেই এখন সেদিনের অপেক্ষায় রয়েছেন।



By










