দেবজিৎ মুখার্জি: রবিবার ছুটির দিন! আজ ছুটির দিনেই মাথার উপর বাজ পড়লো সাধারণ মানুষের। বিশেষ করে মধ্যবিত্তদের। কী এমন ঘটলো? এক লাফে অনেকটা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম! শুধু দাম বাড়া নয়, বড় ব্যবধানে তা বাড়লো। ১০ নয়, ২০ নয়, বেড়েছে একেবারে ৫০ টাকা। সুতরাং এই মুহূর্তে বড় চাপে দেশের সাধারণ মানুষ।
প্রতিমাসেই বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে দাম ঠিক করা হয় বাণিজ্যিক গ্যাসের। সেই অনুযায়ী এই মাসেও তা ঘটে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাড়ল দাম। সেই মতো দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই সহ দেশের সমস্ত শহরে নতুন দাম চালু করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাসের দাম ১৭৪০.৫০ টাকা, কলকাতায় ১৮৪৪.৫০ টাকা, মুম্বইয়ে ১৬৯২ টাকা এবং চেন্নাইয়ে ১,৮৯৯ টাকা ৫০ পয়সা।
তবে ঘরে ব্যবহার করা রান্নার গ্যাসের দাম যেমনটা ছিল, তেমনটাই রয়ে গেছে। তাতে কোনও পরিবর্তন দেখা যায়নি। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০০ টাকা কমিয়েছিলেন রান্নার গ্যাসের দাম নারী দিবসে। তারপর থেকে আর কোনও বদল দেখা যায়নি। এই মুহূর্তে দিল্লিতে দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯, মুম্বাইয়ে ৮৫২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ৮৬৮ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে অনেকটাই চাপে পড়বেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, চাপে পড়বেন সেই গাড়ির মালিকরা যারা এলপিজি চালিত। সরাসরি না হলেও এর বিশ্রী প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরও।
প্রসঙ্গত, গ্যাসের দাম বাড়া নিয়ে একাধিকবার কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। যদিও কেন্দ্র সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগের আঙ্গুল তুলেছে বিরোধীদের দিকেই। এবার দেখার বিষয় যে এক্ষেত্রে কি হয়। এবারও যে বিরোধীরা ছেড়ে কথা বলবে না, তা না বললেও বোঝা যায়। তবু দেখার যে শেষ পর্যন্ত কি হয়।



By













