দেবজিৎ মুখার্জি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা ঋতপন্থী তৃণমূলের। নাম না নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’ বলেন। তাঁর বক্তব্য, দলকে হাইজ্যাক করা হয়েছিল ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’এর তরফ থেকে। শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই অভিযোগও করেন যে পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল দল। এমনিতে তৃণমূলের দুই শিবিরের অশান্তিকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল, তার উপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এভাবে আক্রমণ বিষয়টিকে আরো অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে।
শুক্রবার রাজধানী দিল্লিতে ঋতপন্থী তৃণমূলের বিধায়করা বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। এরপর বেরিয়ে এসে ঋতব্রত নাম না করে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “হাইজ্যাক হয়েছিল তৃণমূল স্তরের দল। পার্টিকে হাইজ্যাক করেছিল চার্টার্ড ব্যুরোক্রাট। পার্টির ৪ টাকা খরচ হলে ওই ব্যুরোক্রাটের চার্টাড বিমানের পিছনে খরচ হয়েছে ১ টাকা। পারিবারিক সম্পত্তি হয়ে উঠেছিল পার্টি। তাঁর বিরুদ্ধে আমরা। আসল তৃণমূল আমরাই।”
তিনি আরও বলেন, “দুর্নীতির তদন্ত হবে যদি বালি পাচার, কয়লা পাচার হয়। তাই চাইছে রাজ্যবাসী। পরিবারতন্ত্রের বিরুদ্ধে ওখানকার মানুষ। আমরা এখানে একত্রে এসেছি। আমি কথা বলছি, কিন্তু সবার কথা এটাই।” তাঁর সংযোজন, “আসল তৃণমূল আমরাই। সমর্থন রয়েছে দলের দুই-তৃতীয়াংশ। সমর্থন আছে পুরসভা, জেলা পরিষদের। কথা হয়েছে কমিশনের সঙ্গে। তাঁরা দ্রুত যোগাযোগ করবে আমাদের সঙ্গে।” অন্যদিকে বৈঠকের পর এন্টালির বিধায়ক সন্দীপন সাহা জানিয়েছেন, “তৈরি করা হয়েছে দলের নয়া জাতীয় কর্মসমিতি। বেছে নেওয়া হয়েছে নয়া চেয়ারম্যান। তা আমাদের তরফ থেকে জানানো হয়েছে কমিশনকে।”



By










