দেবজিৎ মুখার্জি: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের পর জিরামজি আইন নিয়ে বেফাস মন্তব্য করে বসলেন দলের আরেক সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। কী বক্তব্য তাঁর? এই প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছু জানেন না। রাহুলের মন্তব্য ঘিরে তৈরি হয় রাজনৈতিক তরজা। তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয় বিজেপির।
গত মাসে জিরামজি বিলটি পাশ হওয়ার সময়ে সংসদে ছিলেন না রাগা, যা ঘিরে তাঁকে পড়তে হয় সমালোচনার মুখে। এদিন রাহুল বলেন, “আমি পরিচিত নই নতুন আইনটির নাম সম্পর্কে।” কংগ্রেস সাংসদ আরো বলেন, “আমার জানা নেই ঠিক কী জিরামজি।” তাঁর এমন মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি বিজেপি। গেরুয়া শিবিরের তরফ থেকে রাহুলকে ‘রাম বিরোধী’ ও ‘হিন্দু বিরোধী’ তকমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম মনরেগা থেকে করা হয় জিরামজি। বিলটি গত মাসে পাশ হয় সংসদে বিরোধীদের বিক্ষোভের মাঝে। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। কেন্দ্রের এই কীর্তির তীব্র নিন্দা করেছে বিরোধীরা। বলে রাখা ভালো, আগে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে মনরেগার প্রশংসা করেন। তাঁর বক্তব্য, “প্রতিটা গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করত মনরেগা।” এরপরই মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, “মোদি চান না এই প্রকল্পটি থাকুক।” এবার দেখার বিষয় যে এই পর্ব কোনদিকে যায়। জল কতদূর গড়ায়, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের রাজনৈতিক মহলে। তবে বিরোধীরা যে এর জন্য চাপ সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।



By










